পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৮২ শতাংশ
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০৩ এপ্রিল শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পিবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮২ শতাংশ।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা এবং অভিভাবকদের বসার ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ সহ নানা উদ্যোগ নেওয়া হয়।
আজ দেশের মোট ২১টি কেন্দ্রে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশের প্রায় ৯৩ হাজার শিক্ষার্থী এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পরীক্ষা কক্ষ ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
ড. মো. শহীদুল ইসলাম বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি দূর হয়েছে। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হয়।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় মাননীয় উপাচার্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসীসহ সকল মহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য যে, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
কর্তৃপক্ষের নির্দেশক্রমে
প্রকাশনা ও জনসংযোগ দপ্তর
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়