পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অদ্য ০৬ আগস্ট ২০২৬ খ্রি. বৃহস্পতিবার, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন।
পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ১৯৯০ থেকে ২০২৬ সাল পর্যন্ত গুম, খুন ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
এ সময় নবাগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কাছে তাদের বিভিন্ন প্রত্যাশা ব্যক্ত করেন এবং চমৎকার আয়োজনে তাদের বরণ করে নেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশসেরা বিশ্ববিদ্যালয় হওয়ার সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে এই বিশ্ববিদ্যালয় একদিন দেশ-বিদেশে সুনাম অর্জন করবে-ইনশাআল্লাহ।
র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, এই বিশ্ববিদ্যালয় নিয়ম ও শৃঙ্খলার ওপর চলবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। কোনো শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হলে বা কেউ র্যাগিংয়ে জড়িত থাকলে, সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে র্যাগিং, হিংসা, মারামারি ও আধিপত্যবাদের স্থান হবে না।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি তুলে ধরে মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে কাজ করছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করার আহ্বান জানান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মা-বাবা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সমাজের সর্বস্তরের মানুষের সাথে সদ্ব্যবহার করবে। বিনয় ও সততার সঙ্গে জীবন গড়তে হবে।
পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আকতার হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা এবং অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. আরাফাত হোসেন। তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং ভবিষ্যতের সম্ভাবনা তুলে দক্ষতা অর্জনের পরামর্শ দেন।
কর্তৃপক্ষের নির্দেশক্রমে
প্রকাশনা ও জনসংযোগ দপ্তর
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়