PRSTU


পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম ও ২য় সেমিস্টার এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম সেমিস্টারের ২৬ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার অদ্য ১৭ আগস্ট ২০২৬ খ্রি. সোমবার বিকেলে প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির চেক তুলে দেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির চেক তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই মেধাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করবে।

এ সময় শিক্ষার্থীরা তাদের মেধা ও একাডেমিক উৎকর্ষ অর্জনের মাধ্যমে আরও বড় পরিসরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত হবে বলে মাননীয় ভাইস-চ্যান্সেলর আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা এই সাফল্যের ধারা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মাননীয় ভাইস-চ্যান্সেলর মেধাবৃত্তির জন্য নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের ২৬ শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদানের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মুহাম্মদ মাহবুবুস সোবহান, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক ড. আকতার হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা উপস্থিত ছিলেন।


কর্তৃপক্ষের নির্দেশক্রমে
প্রকাশনা ও জনসংযোগ দপ্তর
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়