বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পিবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ২৬ আগস্ট ২০২৬ খ্রি. বুধবার বিকাল ৪.০০টায় প্রশাসনিক ভবনের সভা কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন।
এদিন পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বেগম খালেদা জিয়ার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, বেগম খালেদা জিয়া কোনো সাধারণ ব্যক্তিত্ব নন। তিনি কখনও ব্যক্তিগত স্বার্থ কিংবা ক্ষমতার জন্য কারো সঙ্গে কোনো আপস করেননি। দেশের স্বার্থকে তিনি সবসময় প্রাধান্য দিয়েছেন। বেগম খালেদা জিয়া ইতিহাসের সবচেয়ে দক্ষ ও মেধাবী সরকারপ্রধান। এ দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তাঁর নাম জড়িয়ে রয়েছে।
মাননীয় ভাইস-চ্যান্সেলর আরও বলেন, এই দেশের বাইরে বেগম জিয়ার অন্য কোনো ঠিকানা ছিল না। এই দেশ, দেশের মাটি এবং দেশের জনগণের সঙ্গে তাঁর ছিল আত্মার বন্ধন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, ঈমানদার, দেশপ্রেমিক একজন নেত্রী। দেশ ও জাতির জন্য তিনি জীবনটা উৎসর্গ করে গেছেন। তিনি দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাননি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আকতার হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মুহাম্মদ মাহাবুবুস সোবহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনজুর মিসবাহ।
বক্তারা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন ও তাদের অধিকার পুণরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি তাঁর সততা, দৃঢ়তা, আপসহীন নেতৃত্ব, দেশপ্রেম ও অন্যান্য গুণাবলির কারণে তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।
কর্তৃপক্ষের নির্দেশক্রমে
প্রকাশনা ও জনসংযোগ দপ্তর
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়