PRSTU


পিবিপ্রবিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ২৬ আগস্ট ২০২৬ খ্রি. বুধবার বাদ মাগরিব প্রশাসনিক ভবনের সভা কক্ষে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এদিন পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশনের পাশাপাশি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনায় অংশ নেন বক্তারা।

মাননীয় ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, বিশ্বমানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ছিল ত্যাগ, সত্য, ন্যায়, ইনসাফ ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। শৈশব থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা মহানবী (সা.) জীবনে অসংখ্যবার অত্যাচার-নির্যাতনের মুখোমুখি হয়েও ইসলামের দাওয়াত থেকে কখনো পিছিয়ে যাননি।

মাননীয় ভাইস-চ্যান্সেলর আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শই ছিল পবিত্র কোরআনের বাস্তব প্রতিফলন। মুসলমানদের হিংসা, হানাহানি, মিথ্যা, স্বার্থপরতা ও অন্যের ক্ষতি করার মানসিকতা পরিহার করে রাসুলের আদর্শ অনুসরণ করার এবং সেই আলোকে জীবন গড়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, ইসলাম প্রতিষ্ঠার নামে কোনো ধরনের সহিংসতা, মারামারি, হানাহানি বা উসকানির পথ গ্রহণ করা যাবে না। জীবনের প্রতিটি নিঃশ্বাসে, বিশ্বাসে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। তাহলেই প্রকৃত মুসলমান হওয়া যাবে।

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেনের পরিচালনায় পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মুহাম্মদ মাহাবুবুস সোবহান এবং গণিত বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব আলোচনায় অংশ নেন। বক্তারা মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মধ্য দিয়ে ব্যক্তি, পরিবার এবং সমাজজীবনে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

আলোচনা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে
প্রকাশনা ও জনসংযোগ দপ্তর
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়