PRSTU


বিশ্ববিদ্যালয়ে দেশব্যাপী সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বেলা ২.৩০টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-পিরোজপুর মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, যানবাহনে অগ্নিসংযোগ, জনজীবনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মতো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড কখনোই মেনে নেওয়া যায় না। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার সর্বদা শান্তি, প্রগতি ও আইনের শাসনের পক্ষে রয়েছে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশসহ দেশের চলমান অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সবসময় সজাগ ও সতর্ক থাকতে হবে।

সমাবেশে বক্তারা দেশব্যাপী চলমান অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টাসহ যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে সর্বদা ঐক্যবদ্ধ ও সজাগ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উপস্থিত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে

প্রকাশনা ও জনসংযোগ দপ্তর

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পিরোজপুর-৮৫০০, বাংলাদেশ।